>> অনিক চৌধুরী তপু
‘উন্নত ভাবনা সুন্দর আগামী, বিতার্কিক আমরা হবো অগ্রগামী’ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী ‘এসডিএস ২য় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৯’। গত ১২ ও ১৩ এপ্রিল সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটি (এসডিএস) এই প্রতিযোগিতা আয়োজন করে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ঢাকা ডিইউডিএস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিইউডিএস, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এসইউডিএস, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়সহ ২৪টি দল ও স্কুল পর্যায়ে ১৬টি দলের বিতার্কিকরা অংশ নেন। আয়োজনের প্রথম দিন সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় গ্রুপ পর্বের প্রতিযোগিতা। পরদিন জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত হয় কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড। সুনামগঞ্জের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উত্সবমুখর পরিবেশে উপভোগ করে এই আয়োজন। বিকেলে একই মিলনায়তনে প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি ও বিতর্ক প্রতিযোগিতার প্রধান বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ শোকরানা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আমিমুল এহসান ইমরান। বক্তারা বলেন বিতর্ক চর্চা মননশীলতা বাড়ায়, জ্ঞানকে সমৃদ্ধ করে। সুনামগঞ্জে বুদ্ধিবৃত্তিক বিতর্ক চর্চা ও নতুন প্রজন্মকে যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তোলায় এ ধরনের আয়োজন বড় ভূমিকা পালন করবে। সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটি পূর্বের ন্যায় ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তারা। সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটির সভাপতি সেজু আহমেদের সভাপতিত্বে ও নাযরাতান নাঈম সালওয়া এবং প্রিয়া দেবের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহানুর রহমান। আলোচনা শেষে বিতর্ক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও রানারআপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় বিগত বছরের মতো সিলেটের অগ্রগামী সরকারি উচ্চবিদ্যালয়। সমাপনী বক্তব্যে এসডিএসের সভাপতি সেজু আহমেদ বাংলাদেশ ডিবেট ফেডারেশন, জেলা প্রশাসন ও সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি আরো বলেন, দেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে আসা দেশসেরা বিতার্কিকদের দেখে সুনামগঞ্জের ছেলেমেয়েরা অনুপ্রাণিত হবে। তিনি ভবিষ্যতেও এরকম অনুষ্ঠান আয়োজন করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। এ আয়োজনে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতায় ছিল প্রাণ লিচি।
