টাঙ্গাইলের মির্জাপুরে মঙ্গলবার দুপুরে নাসির গ্রুপের গ্লাস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন লাগায় কারখানার উৎপাদন বন্ধ হয়েছে। আগুন নিয়ন্ত্রণে টাঙ্গাইল, মির্জাপুর ও বাসাইল উপজেলাসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট কাজ করে যাচ্ছে।
মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার মো. কফিল উদ্দিন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া এলাকায় বিশাল এলাকা নিয়ে নাসির গ্রুপের গ্লাস কারখানা। দুপুর একটার দিকে কারখানার পশ্চিম পাশের বিল্ডিংয়ের কার্নেস থেকে প্রথমে আগুনের সুত্রপাত হয়। আগুন দ্রুত কারখানার কয়েকটি ইউনিটে ছড়িয়ে পড়ে। মির্জাপুর থানা পুলিশ, মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস এবং টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়া হয়। খবর পেয়ে ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এ ব্যাপারে নাসির গ্রুপের গ্লাস কারখানার জেনারেল ম্যানেজার মো. ফজলুর রহমান বলেন, কারখানার ফার্নেস থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আগুনে কারখানার অধিকাংশ ইউনিটের যন্ত্রপাতি ও মালামাল পুড়ে গেছে। কারখানার উৎপাদন চালু হতে অন্তত ৬ মাস সময় লাগবে। প্রাথমিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৬শ কোটি টাকা বলে তিনি জানিয়েছেন।
ইত্তেফাক/ইউবি
