বাড়িতে ঢোকার সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মৃত্যু

আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৭:৩৭
বগুড়া শহরের চকলোকমান এলাকায় বাড়িতে ঢোকার সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
 
নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহান বক্স (৫৯) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্নিবাড়ী ইউনিয়নের নাদিয়ার পাড়া গ্রামের মোজাম্মেল হক সরকারের ছেলে। শহরের চকলোকমান এলাকায় তার বাড়ি রয়েছে। ২০০৪ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
 
বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, সাবেক ওই সেনাসদস্য বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি ওই প্রতিষ্ঠানে কাজে ২দিন আগে ঢাকায় গিয়ে ছিল। মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। তিনি ভোরে নৈশ কোচ থেকে কলোনি বাজারে নেমে হেঁটে বাড়ি ফিরছিলেন। চকলোকমান জামে মসজিদের কাছাকাছি পৌঁছালে   ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।
 
নিহত ব্যক্তির বাড়ি থেকে ৩-৪শ গজ দুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
ইত্তেফাক/আরকেজি