শিশুটির বাবা অফিসে ছিলেন। মা ছিলেন রান্না ঘরে। ঘরে টিভি চলছে। টিভিতে কার্টুন দেখছে, আর মাঝে মধ্যেই খেলছে শিশুটি। এসময় শিশুটি ঘর থেকে বের হয়। আবার ঘরে ঢোকার সময় দরজাটি পা দিয়ে ধাক্কা দেয়। এতে দরজাটি ভিতর থেকে অটোলকড হয়ে যায়। অমনি শিশুর চিৎকার। মা রান্নাঘর থেকে ছুটে এসে দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু কোন চেষ্টায় সফল হলেন না। এক পর্যায়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে ডেকে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা অটোলকড হওয়া দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয়।
এই ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের ১৩/বি নম্বর রোডের ৬ নম্বর বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাটে। মোক্তাদি মোস্তফা নামের ২ বছর ৩ মাসের শিশুটির বাবা মমিনুল ইসলাম পূবালী ব্যাংক মতিঝিল শাখার প্রিন্সিপ্যাল অফিসার। মা ফেরদৌসী আসমত ইডেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক।
IMG0
উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, শিশুটি ঘরের ভিতর খেলার সময় দরজা অটোলকড হয়ে আটকে পড়ে। উদ্ধারের জন্য শিশুটির মা ও প্রতিবেশীরা অনেক চেষ্টা করেন। তারপর খবর পেয়ে পূর্ব থানার পুলিশ হাজির হয়। কিন্তু শিশুটিকে উদ্ধার করতে পারেনি। তারপর খবর দেয়া হয় উত্তরা ফায়ার সার্ভিসকে। উত্তরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় কক্ষের ভিতর শিশুটি কাঁদছে। সে ভীত সন্ত্রস্থ। তারপর অত্যাধনিক যন্ত্র ব্যবহার করে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এমআই
