নির্বিঘ্ন নির্বাচন চায় চীন

আপডেট : ২২ মার্চ ২০১৮, ০১:১৬

বাংলাদেশে চীনের নতুন রাষ্ট্রদূত ঝ্যাং ঝু আগামী সংসদ নির্বাচন নির্বিঘ্ন ও ঝামেলামুক্ত হবে বলে আশা করেছেন। নির্বাচনে জনগণের মতের প্রতিফলন হবে বলে মনে করেন তিনি। অন্যদিকে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে চীনের কোনো স্বার্থ নেই। দ্রুত এ সমস্যার সমাধানও সম্ভব নয়।

ফেব্রুয়ারি মাসে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়ে ঢাকা আসেন ঝ্যাং ঝু। গতকাল বুধবার দূতাবাসে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে ঢাকা ও বেইজিং সম্পর্ক আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে খোলামেলা বক্তব্য রাখেন তিনি। এ সময়ে চীনের উপ-রাষ্ট্রদূত চ্যান উই উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ঝ্যাং ঝু বলেন, বাংলাদেশে একটি নির্বিঘ্ন নির্বাচন দেখতে চায় চীন। বাংলাদেশের জনগণের পছন্দের প্রতিফলনকে আমরা স্বাগত জানাব। বাংলাদেশের উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতির ওপর আমাদের গভীর নজর রয়েছে। আমাদের আশা, এদেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।

রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন প্রশ্নের জবাবে নতুন চীনা রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের আশু সমাধান নেই। ঐতিহাসিক, জাতিগত ও ধর্মীয় সবকিছু বিবেচনায় রোহিঙ্গা বিষয়টি খুবই জটিল। এই ইস্যুতে চীনের কোনো স্বার্থ নেই। বাংলাদেশ ও মিয়ানমার— দুই দেশ বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে এ সমস্যাটি সমাধান করছে। চীন এক্ষেত্রে সহায়তা দিয়ে যাচ্ছে। আমরা আন্তরিক, বাস্তবমুখী ও গঠনমূলক পরামর্শ দিচ্ছি। দুই দেশের প্রতিই আমরা নিরপেক্ষ থাকব। বাংলাদেশ, মিয়ানমার, চীন ও ভারত— এ চারটি আঞ্চলিক প্রতিবেশী দেশ কেউ কারো শত্রু নয়। আমাদের অভিন্ন শত্রু হলো দারিদ্র্য। দারিদ্র্য দূর করতে আমাদের আঞ্চলিক সহযোগিতা বাড়ানো দরকার।

রাষ্ট্রদূত ঢাকা ও বেইজিং সম্পর্ক বিষয়ে বলেন, এ বছর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হবে। এ ছাড়া ১২তম কূটনৈতিক সভা, সমুদ্র সহযোগিতা বিষয়ে সংলাপ ও মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে।

ইত্তেফাক/নূহু