কাহারোলে ভ্যান চালক খুন, জখম ১

আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৩:৪৭
দিনাজপুরের কাহারোলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ভ্যান চালক খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪ টার দিকের এই ঘটনায় আরও একজন জখম হয়েছেন।
 
উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের যোগেশ মাস্টারের পাড়ার ললন চন্দ্র রায় জানান, আজ ভোরে তার ছেলে ভ্যান চালক উদয় চন্দ্র রায় (২৬) একই পাড়ার রসুন ব্যবসায়ী মমিনুলের বাড়িতে গিয়ে ৫ বস্তা রসুন ভ্যানে নিয়ে মমিনুলের ছেলে আফিজুল সহ রানীপুর হাটে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাড়ি থেকে বের হয়ে দশমাইল-ঠাকুরগাঁও মহাসড়কের পার্শ্বে পূর্ব মল্লিকপুর দাখিল মাদ্রাসার পার হলেই অতর্কিতভাবে কতিপয় দুর্বৃত্ত ভ্যান চালক উদয়কে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ও সঙ্গে থাকা আফিজুল এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত আফিজুল কষ্ট করে মোবাইলের মাধ্যমে উদয়ের বাড়িতে খবর দিলে উদয় ও আফিজুলের বাড়ির লোকজন অটোচার্জার যোগে ঘটনাস্থলে এসে উদয় ও আফিজুলকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কিন্তু পথিমধ্যেই উদয় চন্দ্র রায় মারা যান।
 
এ রিপোর্ট লেখা পর্যন্ত কাহারোল থানা পুলিশ সুরতহাল করে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। অফিসার ইনচার্জ মো. আইয়ুব আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/এসএস