যশোরের ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর এলাকা থেকে পরিত্যক্ত ৮টি রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে একটি আবাদি জমি থেকে ওই রকেট লঞ্চারগুলো উদ্ধার করে পুলিশ।
জানা যায়, পৌরসভার বনফুল আবাসিক এলাকার জৈনিক আজিজুর রহমান জমি আবাদ করার জন্য কিছু শ্রমিক কাজে লাগান। এসময় হঠাৎ এক শ্রমিকের কোদালে একটি রকেট লঞ্চার পাওয়া যায়। এরপর একে একে আরো ৭টি রকেট লঞ্চার পাওয়া যায়। এঘটনায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে রকেট লঞ্চারগুলো উদ্ধার করে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. নাসির, পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সহকারী পুলিশ সুপার মো. নাসির জানিয়েছেন, পরিত্যক্ত এ রকেট লঞ্চারগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হতে বলে ধারণা করা হচ্ছে। ওই সময় এ সকল অস্ত্র মাটির নীচে পুঁতে রাখা হয়ে ছিলো বলে মনে করা হচ্ছে। উদ্ধারকৃত রকেট লঞ্চারগুলো অধিকাংশই অকেজো ও পরিত্যক্ত।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. নাসির সহ বিপুল পরিমাণ পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
ইত্তেফাক/এসএস
