মোংলা বন্দর আটটি জেটি নির্মাণ করবে

আপডেট : ২২ মার্চ ২০১৮, ২০:৪৮
দুর্ঘটনা এড়ানো, জাহাজ জট নিরসন এবং মালামাল দ্রুত খালাসের লক্ষ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ আটটি জেটি নির্মাণের উদ্যোগ নিয়েছে। এছাড়া জাহাজ চলাচলের সুবিধার্থে নাব্যতার জন্য পশুর নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজও শুরু হবে।
 
বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি হোটেলে ‘এলডিসিভুক্ত দেশ হতে বাংলাদেশের উত্তোরণ: মোংলা বন্দরের অর্জিত সাফল্য, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে এ তথ্য প্রকাশ করা হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষ এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক।
 
সভাপতিত্ব করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর একেএম ফারুক হাসান। সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মোংলা বন্দরের অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বন্দরের পরিকল্পনা প্রধান মো. জহিরুল হক এবং সদস্য (হারবার ও মেরিন) মো. আব্দুল বাতেন মিঞা।
 
আলোচনায় অংশ নেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুছ ছাত্তার শেখ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. হারুনুর রশীদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ, নৌ-পরিবহন মালিক গ্রুপের মহাসচিব ওয়াহিদুজ্জামান খান পল্টু, কাস্টমস কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, জুটমিল মালিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শেখ আকরাম হোসেন, বন্দর ব্যবহারকারী হেমায়েত উদ্দিন, এইচএম দুলাল প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি