অপহরণের এক সপ্তাহ পর পিতা-মাতার কোলে ফিরে এলে ৪ বছরের শিশু রাজু। এ সময় একমাত্র শিশু পুত্রকে কাছে ফিরে পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন পিতা-মাতা। ১৫ মার্চ গাজীপুর থেকে অপহৃত হওয়ার পর বুধবার গভীর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ চাঁদখানা সারভাসা গ্রাম থেকে অপহৃত রাজুকে উদ্ধার করে র্যাব-১৩ রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় ৪ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সারভাসা গ্রামের মৃত ইসাহাক উদ্দিনের পুত্র বহির উদ্দিন (৬৫), তার পুত্র মোস্তাফিজার রহমান (৩২) ও মশিউর রহমান রহমান (২৩) এবং মকবুল হোসেনের পুত্র আমজাদ হোসেন (৪৫)। বৃহস্পতিবার বিকেলে রংপুর র্যাব অফিসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-১৩ রংপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরমিন রাব্বী বলেন, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সূর্যকোনা গ্রামের রং মিস্ত্রি মো. শাহেদ মিয়া তার স্ত্রী মনিরা আক্তার ও তাদের একমাত্র শিশু পুত্র রাজুকে নিয়ে গাজীপুরের টঙ্গিতে বসবাস করেন। সেখানকার একটি গার্মেন্টেসে তার স্ত্রী মনিরা আক্তার চাকরি করছিলেন। গত ১৫ মার্চ রাজু নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় মনিরা আক্তার ১৭ মার্চ টঙ্গী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরবর্তীতে মনিরা আক্তারের সহকর্মী সারভাসা গ্রামের মোস্তাফিজার মোবাইল ফোনে তাকে জানায়, রাজুকে অপহরণ করা হয়েছে এবং তাকে ফেরত পাওয়ার জন্য ১ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় রাজুকে হত্যা করা হবে। এ অবস্থায় মনিরা আক্তার গত ১৮ মার্চ টঙ্গী মডেল থানায় একটি মামলা করেন। বিষয়টি অবগত হয়ে র্যাব-১ উত্তরা ক্যাম্পের সদস্যরা তদন্ত শুরু করেন। তদন্তের এক পর্যায়ে তারা জানতে পারেন যে, অপহৃত শিশু এবং অপহরণকারী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে র্যাব-১ হতে বিষয়টি র্যাব-১৩ রংপুরকে অবহিত করা হয়। অপহরণের ঘটনাটি অবহিত হওয়া মাত্রই র্যাব-১৩ রংপুর কর্তৃক জোর অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে র্যাব-১৩ রংপুর কর্তৃক অপহৃত শিশু ও অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়।
অবশেষে বুধবার গভীর রাতে র্যাব-১৩ রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ চাঁদখানা সারভাসা গ্রামে অভিযান চালিয়ে অপহৃত শিশু রাজুকে উদ্ধারসহ ৪ অপহরণকারীকে গ্রেফতার করে। সংবাদ সম্মেলন শেষে উদ্ধারকৃত শিশু রাজুকে তার পিতা-মাতার কাছে হস্তান্তরসহ গ্রেফতারকৃত ৪ অপহরণকারীকে পুলিশে সোপর্দ করা হয়।
ইত্তেফাক/আরকেজি
