যশোর-বেনাপোল মহাসড়কের বেহাল দশা পরিদর্শনে সংসদীয় উপ-কমিটি

আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৬:২৬
যশোর-বেনাপোল মহাসড়কের  বেহাল দশা  সরেজমিনে দেখার জন্য শুক্রবার সকালে সংসদীয় উপ-কমিটির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সড়ক পরিদর্শন শেষে বেনাপোল পর্যটন মোটেলে বন্দর ব্যবহারকারী ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। 
 
মতবিনিময় সভায় সংসদীয় উপ-কমিটির নেতারা এ সড়কটি ৮ লেনের মাস্টার প্লান করে ৬ লেনে উন্নতি করা হবে বলে জানান। এ সড়ক নির্মাণের পর দু’পাশ দিয়ে বনায়ন করা হবে। 
 
এ সময় সংসদীয় উপ-কমিটির সভাপতি সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিক, সংসদ সদস্য এম এ আওয়াল, নাজমুল হক প্রধান এমপি ,শেখ আফিল উদ্দিন এমপি, এ্যাড. মনিরুল ইসলাম মনি এমপি এবং সড়ক ও মহাসড়কের সচিব ফজলুল ইসলাম উপস্থিত ছিলেন। 
 
সংসদীয় উপ-কমিটির সভাপতি রেজওয়ান  আহম্মেদ তৌফিক বলেন, যারা উন্নয়নে বাধা সুষ্টি করে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এটা স্বাধীনতার মাস। দ্রুত এ মহাসড়কের কাজ  শুরু হবে। 
 
এদিকে সকালে যশোর-বেনাপোল মহাসড়কটি সংস্কারসহ ৬ লেনে উন্নিত করার লক্ষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানববন্ধন করেছেন।
 
 
ইত্তেফাক/ইউবি