স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম

আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১৭:৫৪
নেপালে বিমান দুর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে রাজশাহীতে রাষ্ট্রীয় মর্যাদায় তার স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপশহর কেন্দ্রীয় মসজিদ মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে রাজশাহী মহানগরীর গৌরহাঙ্গা কবরস্থানের দাফন করা হয়। 
 
জানাজার আগে তার কফিন জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেয়া হয় এবং মহানগর পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে জেলা প্রশাসন ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় নিহতের দুই কন্যা ও পরিবারের সদস্য ছাড়াও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
এর আগে শুক্রবার ভোরে নেপালে বিমান দুর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা নজরুলের মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে। সেখানে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ রাজশাহীর উপশহরের নিজ বাড়িতে আনা হয়। 
 
নজরুল ইসলাম রাজশাহী মহানগরীর উপশহর এলাকার বাসিন্দা। বিমান দুর্ঘটনায় তার স্ত্রী অধ্যাপক আক্তারা বেগমও নিহত হন। মরদেহ দেশে আসার পর গত মঙ্গলবার দাফন করা হয়। তবে মরদেহ শনাক্তে জটিলতার কারণে নেপাল থেকে নজরুল ইসলামের মরদেহ দেশে আসতে বিলম্ব হয়।
 
ইত্তেফাক/ইউবি