প্রশ্নপত্র ফাঁসের দায়ে বদরগঞ্জে কলেজশিক্ষক গ্রেফতার

আপডেট : ২৩ মার্চ ২০১৮, ২২:৪৪
প্রশ্নপত্র ফাঁসের দায়ে বদরগঞ্জ ডিগ্রি কলেজের গণিত বিভাগের প্রভাষক আবু তাহের মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বদরগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্র হতে তাকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বদরগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে এইসএসসি পরীক্ষা চলছিল। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বদরগঞ্জ কেন্দ্রের যাবতীয় কাজ পরিচালনা করতেন প্রভাষক আবু তাহের মিয়া। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছিল।
 
বদরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাজেদ আলি বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আমার কেন্দ্রে অনুষ্ঠিত পৌরনীতি ২য় পত্র পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্রের বান্ডিলের (১০০টি) মধ্যে ১০টি প্রশ্ন বের করে নিয়ে ছাত্রদের কাছে দিয়ে দেয় প্রভাষক আবু তাহের মিয়া।
 
বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক জানান, প্রশ্নপত্র ফাঁসের দায়ে কলেজশিক্ষক আবু তাহেরকে গ্রেফতার করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি