কুষ্টিয়ায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১২:২৯
কুষ্টিয়ার দৌলতপুরে এনামুল কাজী (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের মৌবাড়িয়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্র  জানায়, এনামুল কাজী গরুর হাট থেকে ব্যবসায়ীক কাজ শেষে বাড়ি ফিরে রাতে পার্শ্ববর্তী মৌবাড়িয়া পাঁচ রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে কয়েকজন দুর্বৃত্ত এনামুল কাজীকে উপর্যুপরি কুপিয়ে হত্যার পর নির্বিঘ্নে পালিয়ে যায়। মৌবাড়িয়া ঈদগাহ'র জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড সংঘটিত করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ময়না তদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত এনামুল কাজী ওই এলাকার শমসের কাজীর ছেলে।
 
দৌলতপুর থানার ওসি শাহ দারা খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে অভিযান চলছে। তদন্তপূর্বক দোষীদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/এসএস