ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ শিক্ষার্থীদের প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো দেশপ্রেমিক হয়ে ভবিষ্যৎ জীবন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছেন, তোমরা জাতির পিতা বঙ্গবন্ধুর মতো দেশ প্রেমিক হও। বড় হয়ে তার আদর্শকে ধারণ করে তোমরা দেশসেবা করবে। তোমাদের দেশসেবায় বাংলাদেশ উন্নত বিশ্বের স্বীকৃতি অর্জন করতে সক্ষম হবে। শনিবার ঈশ্বরদীর রূপপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শামসুর রহমান শরীফ মুক্ত মঞ্চ উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শরীফ এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু স্কুল জীবন থেকেই শিশুদের ভালবাসতেন। তিনি ছোট বেলা থেকেই মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম শুরু করেন। এ জন্যে ছাত্র জীবনেই তাকে জেলে যেতে হয়েছে। বঙ্গবন্ধু শোষিত মানুষের কণ্ঠস্বর ছিলেন। তিনি মানবতার পক্ষে নিপীড়িত মানুষের জন্য কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। এরই ফলশ্রুতিতে বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। উন্নত দেশের কাতারে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
রূপপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হব্বুলের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ডিন ড. শামীমুর রহমান, মুক্তিযোদ্ধা রশীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু মণ্ডল, পাকশি ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, রূপপুর পারমাণবিক প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস, থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন বক্তব্য রাখেন। ম্যনেজিং কমিটির সদস্য রেজাউল করিম রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শাহ্জাহান আলী।
ইত্তেফাক/এসএস
