লক্ষ্মীপুরের রামগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রী মর্জিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার ২নম্বর নোয়াগাঁও ইউনিয়নের পানিয়ালা বাজার সংলগ্ন (আকরতমা) ফজল মিয়ার নতুন বাড়ির একটি রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মর্জিনা তিন সন্তানের জননী বলে জানিয়েছে তার আত্মীয়স্বজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে পার্শ্ববর্তী গ্রামের মর্জিনা বেগমের মোবাইল নম্বর বন্ধ দেখে খোঁজ নিতে আসে তার মা। এসময় তিনি জানালা দিয়ে মর্জিনার ঝুলন্ত লাশ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রামগঞ্জ থানা পুলিশে খবর দেয়। মর্জিনা বেগমের স্কুল পড়ুয়া দুই ছেলে কোথায় ছিলেন, কেউই বলতে পারেননি। এদিকে ঘটনার পরপরই স্থানীয় এনজিও ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্জিনা বেগমের কাছে মোটা অংকের টাকা পাওনা রয়েছে বলে জানান লোকজনকে।
রামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজী হাসান জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।
ইত্তেফাক/এমআই
