ট্রেনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৭:২২
গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে ফেলে খোকন মিয়া (৩৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্য রাতে উপজেলার চারিপাড়া রেলব্রিজের কাছে।
 
খোকনের বাড়ি উপজেলার পাগলা থানার দিঘীরপাড় গ্রামে। জিআরপি পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
এলাকাবাসী চারিপাড়া রেলব্রিজের কাছে শনিবার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা গফরগাঁও জিআরপি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে গফরগাঁও রেলস্টেশন এলাকায় নিয়ে আসে। খবর পেয়ে সকাল ১০টার দিকে খোকনের আত্মীয়স্বজন লাশটি শনাক্ত করে।
 
খোকন মিয়ার পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায়, খোকন একটি সিগারেট কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করত। শুক্রবার সকালে সে পারিবারিক কাজে টঙ্গী যায়। রাতেই তার বাড়ি ফেরার কথা। রাত তিনটার দিকে খোকনের মোবাইল থেকে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে বাড়িতে জানায়, খোকন মিয়া অসুস্থ, জামালপুরের দেওয়ানগঞ্জে আছে। জরুরিভাবে চিকিৎসার জন্য খোকনের মোবাইলে ডাচ-বাংলা একাউন্টে ৫হাজার টাকা পাঠাতে বলে তারা।
 
খোকনের পরিবার রাতেই ৪ হাজার ২৫০টাকা পাঠায় এবং দেওয়ানগঞ্জের উদ্দেশ্য রওনা দেয়। রাত ৪টা থেকে খোকনের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজনের ধারণা, ট্রেনের ছাদে ছিনতাই শেষে ছিনতাইকারীরা চলন্ত ট্রেন থেকে তাকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
ঢাকা-গফরগাঁও-ময়মনসিংহ রেল পথে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে বলে এলাকাবাসীর অভিযোগ। গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ এএসআই হাশেম বলেন লাশ শনাক্ত হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/আরকেজি