মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা চেষ্টার ঘটনায় মামলা, গ্রেফতার ২

আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৭:৩৮
মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ডিস ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাজুকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার রাতে আহত রাজুর স্ত্রী ফাতেমা-তুজ-জাহান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ এ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে শনিবার আদালতে সোপর্দ করেছে।
 
আসামিরা হলেন- উপজেলা চেয়ারম্যানের বড় ভাই উপজেলা আওয়ামী লীগের নেতা রিয়াজ উদ্দিন, যুবলীগ নেতা শাহীন শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম রাজুসহ ৭জন নামীয় ও অজ্ঞাত ৫/৬জন। তারা সবাই স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী। পুলিশ এ মামলার এজাহারভুক্ত আসামি সোহেল ও ঘটনার সাথে জড়িত সন্দেহে লিমনকে গ্রেফতার করে শনিবার আদালতে সোপর্দ করেছে।
 
মামলা সূত্রে জানা গেছে, রাকিবুল ইসলাম রাজুর কাছে আসামিরা দীর্ঘদিন ধরে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে তারা তার পথরোধ ও হত্যার উদ্দেশ্যে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/আরকেজি