মাদ্রাসাছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য

আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৮:৪৪
শরণখোলায় আবিদা মীম (১২) নামের এক মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি গলায় ফাঁস লাগিয়ে মীম আত্মহত্যা করেছে। শুক্রবার রাতে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের জানেরপাড় গ্রামের ইউনুচ খানের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
 
শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দেলোয়ার হোসেনের মেয়ে আবিদা মীম খোন্তাকাটা আশরাফুল কামাল দাখিল মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো। বিষয়টি আত্মহত্যা না হত্যা এনিয়ে এলাকায় বেশ গুঞ্জন চলছে।
 
নিহতের মা নার্গিস বেগম জানান, ওইদিন সন্ধ্যায় পড়তে না বসায় মীমকে একটু বকাঝকা করা হয়। রাত ৮টার দিকে ঘরের দোতলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। হয়তো সে অভিমান করে আত্মহত্যা করেছে। নার্গিস বেগমের স্বামী দেলায়ার হোসেন ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করেন। তিন সন্তান নিয়ে তিনি ইউনুচ খানের বাড়িতে ভাড়া থাকেন। তবে, স্থানীয়রা বিষয়টি রহস্যজনক বলে মন্তব্য করেন।
 
শরণখোলা থানার ওসি মো. কবিরুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
 
ইত্তেফাক/আরকেজি