বেতাগী উপজেলার বুড়ামজুমদার ও সরিষামুড়ি ইউনিয়নের বিষখালী নদীর তীরবর্তী কয়েকটি গ্রাম তীব্র ভাঙনে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ইতোমধ্যে বুড়ামজুমদারের তালবাড়িসহ বিলীন হয়ে যাওয়া অন্যান্য গ্রামের পরিবারগুলো ভাঙনের কবলে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এর অনেকেরই মাথা গোঁজার ঠাঁই নেই।
জানা গেছে, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ওই গ্রাম প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। গেল বর্ষণ ও বর্তমানে দিন দিন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে ভাঙন শুরু হয়েছে। হুমকির মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে কালিকাবাড়ি ও বদনীখালী বাজার।
স্থানীয়রা অভিযোগ করেন, পুরনো গ্রামীণ এ বাজার দুটি ও তার আশেপাশের বাড়িঘরগুলো বিলীন হতে আর সময়ের ব্যাপার মাত্র। এতে ওই এলাকার শত শত মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিম সুমন জানান, এখানকার ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হলে রক্ষা পাবে কালিকাবাড়ি, বদনীখালী বাজার, বলাইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, জামির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বসতি। ঐ এলাকার ভুক্তভোগীরা স্থানীয় সংসদ সদস্য, বরগুনা জেলা প্রশাসক ও সংশ্লিষ্টদের নিকট আগামী বর্ষা মৌসুমের আগে বিষখালী নদীর তীরবর্তী অবহেলিত এ জনপদের ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু
