রাজশাহীর চারঘাটে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে র্যাব-৫ এর একটি অপারেশন দল তাদের আটক করে। তারা হলেন- চারঘাট থানার ইদুলার ছেলে কাবিল ও তার স্ত্রী চায়না বেগম। এ ঘটনায় র্যাব-৫ এর এস আই হারুন অর রশীদ বাদী হয়ে চারঘাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা গেছে, শনিবার রাতে র্যাব-৫ এর একটি দল চারঘাট এলাকায় টহল দিচ্ছিল। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মোকতারপাড়া এলাকার দফাদারপাড়ায় স্বামী-স্ত্রী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাব-৫ এর এস আই হারুন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের ৫০০ পিস ইয়াবাসহ আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সকালে তাদের আলামতসহ চারঘাট থানায় হস্তান্তর ও মামলা দায়ের করা হয়।
ইত্তেফাক/এমআই
