রাজশাহীতে মাদকাসক্ত ছেলে মুসা (৪৫) কাটল মা হাবিবা খাতুনের (৭৫) হাতের আঙ্গুল। রবিবার বেলা পৌনে ১১টায় মহানগরীর রেশমপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হাবিবা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১১নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ৬ সন্তানের জননী হাবিবা মহানগরীর রেশমপট্টি এলাকার কাপড় ব্যবসায়ী লুৎফর রহমানের স্ত্রী।
জানা যায়, মায়ের হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাতকারী মুসা দুই বছর চিকিৎসাধীন থাকার পরও মাদকাসক্ত থেকে মুক্ত হতে পারেন নি। তার বিবাহ হলেও পরিবার তার সাথে থাকে না। দীর্ঘ দিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায়ও ভুগছেন। রবিবার সকালে ছেলে মুসার সঙ্গে তার মা হাবিবার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুসা ধারালো অস্ত্র দিয়ে তার মায়ের হাতে আঘাত করেন।
এতে তার ডান হাতের দুই আঙ্গুল কেটে যায়। পরে আহত হাবিবাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া হয়। এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ জানান, বিকেল পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি
