লাঙ্গলবন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৮:৫৮
নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ স্নানোৎসবের শেষ দিনে চাচার সাথে স্নান করতে এসে পানিতে ডুবে শুভ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুভ (৯) নওগাঁর নিয়ামতপুর থানার জারিলা গ্রামের শ্রী দুলাল চন্দ্র দাসের ছেলে।
 
স্নানোৎসবে দায়িত্ব পালনরত ফায়ার সার্ভিসের একটি টিম শিশুটি নিখোঁজের সংবাদ পেয়ে সি সি টিভি ফুটেজ দেখে শিশুটির লাশ উদ্ধার করে।
 
ফায়ার সার্ভিসের ইন্সিপেক্টর সিরাজ জানান, রবিবার ১১নং ঘাটে সকাল সোয়া ৬টায় শুভ স্নান করতে নামার পর থেকেই নিখোঁজ হয়। শুভর চাচা সাগর চন্দ্র দাস তার ভাতিজা নিখোঁজ হওয়ার সংবাদ পুলিশ কন্ট্রোল রুমে জানানোর পর সি সি টিভি ফুটেজ দেখে বেলা ১১টা ৪২ মিনিটে ফায়ার সার্ভিসের টিম শিশুটির লাশ উদ্ধার করে। এ ব্যাপারে বন্দর থানার ওসি শাহীন মণ্ডল জানান, শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি