ভেলোরে নির্বাচন বাতিলের সুপারিশ কমিশনের

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২১:৩৬

টাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ

 

ভারতের তামিলনাড়ুতে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে ভেলোর লোকসভা কেন্দ্রের ভোট বাতিল করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। সোমবার রাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন। যদিও রাষ্ট্রপতি ভবন থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। আগামী ১৮ এপ্রিল ভোপালে নির্বাচন। আনন্দবাজার পত্রিকা

নির্বাচনে জিততে ভোটারদের টাকা, বিভিন্ন রকম সুযোগ-সুবিধা দিয়ে প্রভাবিত করার ঘটনা মাঝে মধ্যেই সামনে আসে। সেই তালিকায় প্রথম থেকেই উপরের দিকে রয়েছে তামিলনাড়ুর নাম। ইতোমধ্যেই তামিলনাড়ুতে এমন বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। যেমন তামিলনাড়ুর আরাক্কোনম কেন্দ্রের ডিএমকে প্রার্থী এস জগত্রক্ষাণন। তিনি দলের নেতাকর্মীদের জন্য নগদ এক কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন। ভেলোর কেন্দ্রের প্রার্থী হয়েছেন ডিএমকের কোষাধ্যক্ষ এস দুরাইমুরুগানের ছেলে কাথির আনন্দ। ছেলেকে জেতাতে দুরাইমুরুগান পুরস্কার দেবেন ৫০ লাখ টাকা। যে বিধানসভা এলাকা থেকে সবচেয়ে বেশি লিড পাবেন, সেখানকার নেতারা ওই টাকা পাবেন। কম যান না তারই প্রতিপক্ষ ভেলোর কেন্দ্রের এডিএমকে প্রার্থী এ সি সন্মুগম। ছয়টি বুলেট বাইক, দেশে এবং বিদেশে থাকা খাওয়ার খরচসহ বেরানোর টিকিট দেওয়ার মতো সুযোগও দিচ্ছেন তিনি।

ভেলোরের নির্বাচনী আধিকারিকের মাধ্যমে খবর পেয়ে সপ্তাহ দুয়েক আগেই কাথিরের কাটপাডি এলাকার বাসভবনে যান কমিশনের আয়কর দপ্তরের কর্মী, অফিসাররা। বাড়ির পাশাপাশি কাথিরের মালিকানাধীন একটি স্কুল এবং তার এক ঘনিষ্ঠ অনুগামীর বাড়িতেও তল্লাশি চালান গোয়েন্দারা। অভিযানে মোট ১৯ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়।