রাজশাহী মহানগরী থেকে বাগমারার জেএমবি সদস্য জঙ্গি শহিদুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় চারঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে। শহিদুল ইসলাম বাগমারার শ্রীপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। চারঘাট থানায় সন্ত্রাস দমন আইনের একটি মামলার আসামি শহিদুল দীর্ঘ দিন থেকে আত্মগোপনে ছিলেন।
জেলার সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান বলেন, জেলা পুলিশের ৮ থানা ও গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে। তারা বিভিন্ন মামলার আসামি। তিনি আরও বলেন, চারঘাট থানার পুলিশ রাজশাহী মহানগর পুলিশের সহায়তায় জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আরএমপির গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাগমারা, পুঠিয়া ও চারঘাট থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ইত্তেফাক/এমআই
