গাইবান্ধায় ‘ছিনতাইকারীর’ ব্লেডের আঘাতে ৩ পুলিশ আহত

আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৫:৩১
গাইবান্ধা পৌর পার্কে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সৌরভ মিয়া (২৩) নামে সন্দেহভাজন এক ছিনতাইকারীর ব্লেডের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। সৌরভ পৌর শহরের ডেভিটকোম্পানি পাড়ার মো. আবদুল্লাহর ছেলে। 
 
আহত পুলিশ সদস্যরা হলেন- গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ, গাইবান্ধা সদর পুলিশ ফাঁড়ির শিক্ষানবীশ (এটিএসআই) আব্দুস সাত্তার ও সানোয়ার হোসেন। তাদের গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
গাইবান্ধা সদর থানার ওসি খাঁন মো. শাহারিয়ার জানান, পৌর পার্ক থেকে সৌরভ মিয়াকে ছিনতাইকারী সন্দেহে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের সময় হঠাৎ করে ব্লেড দিয়ে তিন পুলিশ সদস্যের হাতে উপর্যুপুরি আঘাত করে পালানোর চেষ্টা করে। এতে তাদের হাত কেটে যায়।  
 
তিনি আরো জানান, আটক সৌরভ মিয়াকে থানা হাজতে রাখা হয়েছে। সৌরভের বিরুদ্ধে  সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি