গোদাগাড়ীতে ১ কেজি ৯শ হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২৭ মার্চ ২০১৮, ২২:১৭

রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি ৯শ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর নাম মোঃ রিপন (২০)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রেলগেট বাইপাস মোড়ে রহিম টেলিকমে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রিপন রেলগেট মাটিকাটা গ্রামের মোঃ জালাল উদ্দীনের ছেলে। রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ আতাউর রহমান ও সহকারি পরিদর্শক (এসআই) মোঃ মেহেদী হাসান এর নেতৃত্ব একটি দল তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রিপন বলে, ‘এই দোকান আমার না। আমি মাঝেমধ্যে বসি। এটি সহারাগাছি গ্রামের আফজালের ছেলে মোঃ জসিম উদ্দীনের দোকান।’

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আতাউর রহমান হেরোইন উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত যুবক রিপনকে জেলা গোয়েন্দা কার্যালয়ে জিঞ্জাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের তল্লাশী উপস্থিতি টের পেয়ে রাহিম টেলিকমের মালিক জসিম উদ্দীন পালিয়ে যায়। জসিম মাদক সম্রাট সেতাবুর রহমান বাবু মেম্বারের ফুফাতো ভাই ও পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের হোতা নয়ন ডাক্তারের ভাগ্নে।

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ গোদাগাড়ীতে মাদকের অভিযান নিশ্চিত করে বলেন, সকলের সহাযোগিতায় মাদকের বিরুদ্ধে বড় অভিযান চালাতে চাই। মাদকের বিরুদ্ধে কোন ছাড় নেই বলে মন্তব্য করেন তিনি।

ইত্তেফাক/নূহু