মোরেলগঞ্জে একটি পুলের অভাবে দুর্ভোগের শিকার হচ্ছে সহস্রাধিক শিক্ষার্থীসহ এলাকার শত শত গ্রামবাসী। ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় শিশু শিক্ষার্থীদের। উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের হোগলপাতি ও বারইখালী ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামের মধ্যবর্তী প্রবহমান খালের উপর এ পুলের অবস্থান। পুলটি দীর্ঘদিন যাবত্ নড়বড়ে অবস্থায় পড়ে আছে। শিক্ষার্থীসহ এলাকাবাসী প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। বিশেষ করে জিউধরা ইউনিয়ন ও বারইখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া, গোয়ালবাড়িয়া, সূতালড়ী গ্রামের লোকজনের উপজেলা সদরে আসার একমাত্র পথ।
বারইখালী ইউনিয়ন পরিষদ ও চৌধুরী কাছারি হয়ে মোরেলগঞ্জ সদরে পৌঁছাতে যে সময় লাগবে তার থেকে হোগলপাতি পুল পেরিয়ে আসতে অর্ধেকের কম সময় লাগে। যার কারণে জিউধরা ও বারইখালী ইউনিয়নের অধিকাংশ লোকজন ও শিক্ষার্থীকে মোরেলগঞ্জ বাজারসহ স্কুল-কলেজ-মাদ্রাসায়, উপজেলার দাপ্তরিক কার্যক্রম করতে এ পথেই বেশি যাতায়াত করতে হয়। পুলটির উভয় পার্শ্বে নিরাপত্তা রেলিং না থাকায় বিশেষ করে শিশুদের চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একাধিকবার ইউনিয়ন পরিষদের অর্থায়নে পুনঃসংস্কারের নামে অর্থ ব্যয় হচ্ছে। অথচ গুরুত্ব বিবেচনায় এখানে প্রয়োজন ঢালাই ব্রিজ।
ইত্তেফাক/নূহু
