গোপালগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর রহমান বেগ বলাকইড় বিলের মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে যশোর, সাতক্ষীরা, নড়াইল ও গোপালগঞ্জের ১০টি ঘোড়া অংশ নেয়।
প্রতিযোগিতায় যশোরের বাঘারপাড়ার মিলন বিশ্বাসের ঘোড়া চ্যাম্পিয়ন হয়। সাতক্ষীরার কলারোয়ার পরিতোষ বিশ্বাসের ঘোড়া প্রথম রানার্সআপ, বাগেরহাটের শহিদুল ইসলামের ঘোড়া দ্বিতীয় রানার্সআপ ও যশোরের অভয়নগরের রাজু মিয়ার ঘোড়া তৃতীয় রানার্সআপ হয়। বিজয়ী ঘোড়ার মালিকের হাতে পুরস্কার হিসেবে নগদ টাকা তুলে দেয়া হয়।
বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ৫ রাউন্ডে ওই মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাঠে বৃত্তাকারে ৫ রাউন্ডে রেসের ঘোড়াগুলো অন্তত ১০ কিলোমিটার পথ অতিক্রম করে। ছকের প্রথম থেকে মাস্টার বাঁশি বাজালে ঘোড়া দৌড়াতে শুরু করে। ঘোড়ার সোয়ার কৌশলে ঘোড়ার পিঠের সাথে মিশে পেছনের দিকে সজোরে বেত মারতে থাকে। বেতের আঘাতে ঘোড়া দ্রুত ছুটে চলে সামনের দিকে। উপস্থিত দর্শক দু’পাশে দাড়িয়ে করতালি দিয়ে ঘোড়ার সোয়ারকে উৎসাহিত করে। শেষ মাথার গন্তব্য স্থলে নিরন্তর ছুটে চলে ঘোড়ার দল। এভাবেই গন্তব্যে যে ঘোড়া আগে পৌঁছায়, সে ঘোড়াই পর্যায়ক্রমে বিজয়ী হয়।
IMG0
করপাড়া ইউনিয়নসহ আশপাশের গ্রাম থেকে বিভিন্ন বয়সের হাজার নারী-পুরুষ বলাকইড় বিলের মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করে স্বাধীনতার দিবসের অনন্দকে আরো প্রাণবন্ত করে তোলেন।
ইত্তেফাক/এসএস
