দুলাভাই আটক
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
ওসমানীনগরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দূরসম্পর্কীয় এক দুলাভাইয়ের বিরুদ্ধে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে প্রেরণ করেছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুলাভাই জাকির মিয়া (২৮) কে আটক করে গত মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে। আটককৃত ব্যক্তি উপজেলার সাদিপুর ইউনিয়নের লামা গাভুর টিকি গ্রামের আব্দুস ছালামের পুত্র। সোমবার বিকালে উপজেলার সাদীপুর ইউনিয়নের লামা গাভুরটিকি গ্রামে ঘটনাটি ঘটে। সোমবার দিনগত রাতে নির্যাতনের শিকার কিশোরীর মা বাদী জাকিরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওসমানীনগর থানায় একটি দায়ের করেছেন।
কিশোরীর মা কান্নাজড়িত কণ্ঠে জানান, আমি অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে পিতৃহীন মেয়েকে নিয়ে কোনো রকম জীবন-যাপন করছি। আমি বাড়ি না থাকার সুযোগকে কাজে লাগিয়ে লম্পট জাকির আমার মেয়ের সর্বনাশ করেছে। আমি এর কঠিন বিচার চাই।
ওসমানীনগর থানার ওসি এস এম আল মামুন জানান, ধর্ষণে জড়িত কিশোরীর দূরসম্পর্কীয় দুলাভাই জাকিরকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।
