ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে ছিনতাইয়ের শিকার হয়েছেন ট্রাফিক সার্জন ও তার স্ত্রী। ছিনতাইকারীরা অস্ত্রেরমুখে আড়াই লক্ষাধিক টাকা মূল্যের সোনার গহনা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপার মিলের ১ম গেট সংলগ্ন সড়কে। এসময় ছিনতাইকারীদের সাথে ট্রাফিক সার্জনের ধস্তাধস্তির একপর্যায়ে স্থানীয় জনতার সহযোগিতায় রাজিব আহমদ (১৯) নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়। রাজিব আহমদ নোয়ারাই ইউনিয়নের কুমারদানী গ্রামের গৌছ মিয়ার পুত্র।
এ ঘটনায় সোমবার রাতে ছিনতাইর শিকার ট্রাফিক সার্জন নিকুঞ্জ দেবনাথ বাদী হয়ে ছিনতাইকারী রাজিব আহমদ ও তার সহযোগী শহরের বাশখলা গ্রামের রশিদ মিয়ার পুত্র জনি মিয়াকে আসামি করে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, সোমবার বিকালে বেড়ানোর উদ্দেশ্যে স্ত্রী শিপ্রা রাণী নাথকে সাথে নিয়ে বাসা থেকে বের হন ট্রাফিক সার্জন নিকুঞ্জ দেবনাথ। পেপার মিল সংলগ্ন রাস্তায় পৌঁছলে একটি মোটরসাইকেল যোগে এসে রাজিব ও জনি গাড়ির গতিরোধ করে অস্ত্রের মুখে ৪ ভরি ওজনের সোনার চেইন ও দেড় ভরি ওজনের একটি ভেসলেট ছিনিয়ে নিয়ে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় রাজিব আহমদকে আটক করলেও অপর ছিনতাইকারী জনি মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়।
