মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঠাকুরগাঁও শহরকে নতুন রূপে সুসজ্জিত করে তোলা হয়েছে। শুধু ঠাকুরগাঁও শহর নয় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী ও হাট-বাজারগুলোতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসবের ছোয়া লেগেছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক আখতারুজ্জামান জানান, আগামীকাল ২৯ মার্চ ঠাকুরগাঁও সফর আসছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তিনি ঠাকুরগাঁও সফরকালে কলেজ ভবন, ব্রিজ, কালভার্ট, রাস্তা-ঘাটসহ মোট ৩৫টি প্রকল্পের উদ্বোধন ও ৩৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করবেন। পরে বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে এক জনসভায় বক্তব্য রাখবেন।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনগুলো ঠাকুরগাঁও জেলাকে সাজিয়েছেন এক নতুন সাজে। এছাড়াও প্রধানমন্ত্রীর জনসভাটি সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে পুলিশ কর্তৃপক্ষ।
IMG0
জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার ১৭ বছর পর এই প্রথম ঠাকুরগাঁও সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে কয়েকবার তার ঠাকুরগাঁও সফরে আসার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা হয়নি। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নানা প্রাপ্তি ও প্রত্যাশায় বুক বেঁধেছে দলমত নির্বিশেষে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফর নিয়ে সাধারণ মানুষের কাছে অভিমত জানতে চাইলে তারা জানান, উত্তরের অবহেলিত জেলা ঠাকুরগাঁও। এই অঞ্চলের ৮০ ভাগ মানুষ কৃষিকাজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এই জেলার মানুষ শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানের অভাবে দেশের অনেক জেলার থেকে পিছিয়ে পড়েছে।
এই জেলায় ভারী কোন শিল্পকারখানা স্বাধীনতার পর থেকেই গড়ে ওঠেনি। রাজধানীর সাথে সরাসরি রেল পথে যোগাযোগের ব্যবস্থা থাকলেও তা অদৃশ্য কারণে আটকে রয়েছে। কৃষি ভিত্তিক অঞ্চল হিসেবে বিবেচিত হলেও কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে দীর্ঘদিন যাবত বঞ্চিত। মাননীয় প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও জেলার মানুষের মান উন্নয়নে ও উন্নত জেলায় পরিণত করতে কিছু পদক্ষেপ গ্রহণ করে তাহলে এগিয়ে যাবে এই জেলার মানুষ। তাই প্রধানমন্ত্রীর কাছে ঠাকুরগাঁওবাসীর দাবি ও প্রত্যাশা অনেক বলে মতব্যক্ত করেছেন সাধারণ মানুষ।
পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, ঠাকুরগাঁওয়ে সফরকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারে ৩ স্তরের নিরাপত্তার সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।
IMG1
ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম জানান, ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও বিজিবি সেক্টর মাঠে হেলিকপ্টারে অবতরণ করবেন। ৩টা পর্যন্ত কয়েকটি স্থাপনা উদ্বোধন ও উন্নয়ন কাজের ভিত্তিস্থাপন করবেন। এরপর তিনি বড় মাঠে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওবাসী ব্যাপক প্রত্যাশায় বুক বেধে রয়েছে।
ইত্তেফাক/এসএস
