রোগীদের জিম্মি করে ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৬:৩২
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের জিম্মি করে অবস্থান কর্মসূচি পালন করেছে ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা হাসপাতালের জরুরি বিভাগসহ সকল প্রবেশ গেটে তালা লাগিয়ে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা। 
 
এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়ে। এ নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের রাজশাহী সফরের আগে এমন কর্মসূচি উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে জানা গেছে। একটি কর্মসূচিতে অংশ নিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বুধবার সন্ধ্যায় রাজশাহী আসছেন। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১০টার দিকে হঠাৎ করে ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগে গিয়ে দুটি গেট বন্ধ করে সেখানে বসে অবস্থান কর্মসূচি শুরু করে। এতে ওই গেট দিয়ে কোনো রোগী ভেতরে প্রবেশ করতে পারেনি। এ সময় ইন্টার্ন চিকিৎসকরা তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানায়। অন্যদিকে হাসপাতালে প্রবেশের অন্যান্য বিকল্প গেটগুলোও বন্ধ করে দেয় ইন্টার্ন চিকিৎসকরা। একসঙ্গে সবগুলো গেট বন্ধ থাকায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভেতরে ঢুকতে বা বের হতে না পেরে হয়রানির মধ্যে পড়েন। 
 
রাজশাহীর পুঠিয়া উপজেলার শুকদেবপুর থেকে মেয়ে কারিমার (৪০) চিকিৎসার আসা বৃদ্ধ আকবর আলী জানান, তার মেয়ের পেটে ব্যাথা করছিল। সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে আসেন। কিন্তু গেট বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেননি।  তিনি প্রশ্ন রাখেন রোগী জিম্মি করে দাবি আদায় করা কতটা ঠিক।
IMG0
শাহিন নামের আরেক রোগী বলেন, আমি প্রায় দুই ঘণ্টা ধরে চিকিৎসার জন্য বসে আছি। কিন্তু ভেতরে ঢুকতে পারিনি। তাদেরমত অনেক রোগীই ভেতরে প্রবেশ করতে না পেরে ব্যাপক হয়রানির মধ্যে পড়েন। 
 
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা জানান, তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের পর আবার মামলা দায়ের করা হয়েছে। সেই মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা নিয়মিত এই কর্মসূচি চালিয়ে যাবেন। 
 
এদিকে গেটে তালা লাগিয়ে ইন্টার্ন চিকিৎসকদের অবস্থান কর্মসূচির খবর পেয়ে দুপুর ১টার দিকে রামেক হাসপাতালে যান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তিনি সেখানে গিয়ে ইন্টার্নদের গেট খুলে দিতে বলেন। তার কথায় তারা গেট খুলে দিয়ে হাসপাতালের পরিচালকের কাছে যান। হাসপাতাল পরিচালক ও ডাবলু সরকারের আশ্বাসে তারা কাজে যোগ দেন। 
 
এ বিষয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, বিষয়টি সমঝোতা হয়ে গেছে। এ নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা আর কোন কর্মসূচি পালন করবে না।  
 
ইত্তেফাক/ইউবি