রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে দুধের সাথে বিষ মিশিয়ে মহসিন ভূইয়া (৪৭) নামের এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার সাউধেরখীল ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন ও সাউধেরখীল সূজা ভূইয়া বাড়ির হাবিব উল্যা ভূইয়ার ছেলে।
জানা যায়, কেথুড়ী আল আমিন মাদ্রাসা সংলগ্ন বাজারের ব্যবসায়ী মহসিন ভূইয়া প্রতিদিনের মতো রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে খাবার খাওয়ার পর দুধ পান করেন। খাওয়ার কিছুক্ষণ পরেই তার প্রচণ্ড বুক ব্যথা শুরু হয়। বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চার বছর আগে খাবারের সাথে বিষ মিশিয়ে দিলে মহসিন ভূইয়াসহ পরিবারের ৬/৭জন সদস্য মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিল।
মহসিনের বাবা হাবিব উল্যা বলেন, মহসিনের সাথে একই বাড়ির মাইন উদ্দিন ও কুতুব উদ্দিন ভূইয়ার কয়েক বছর ধরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে কয়েকটি মামলা চলে আসছে।
নিহতের স্ত্রী শিরিন বেগম বলেন, মামলা প্রত্যাহার করতে আসামিরা নানা ভাবে চাপ সৃষ্টি করে এবং একাধিকবার হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে থানায় জিডি করা হয়। আসামিরা পরিকল্পিতভাবে দুধের সাথে বিষ মিশিয়ে দেয়।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাক্তার রওশন জামিল জানান, রোগীর অবস্থা খুব খারাপ ছিল। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়েছি। রোগীর নাক মুখ থেকে প্রচন্ড দুর্গন্ধ পেয়েছি। রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি
