নাটোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, আটক দুই

আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৯:৪৬
নাটোর শহরের কানাইখালী এলাকায় সাইফুল শেখ রিপন ওরফে কানা রিপন নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কানাইখালী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
 
রিপন কানাইখালি এলাকার ছাইদুল শেখের ছেলে ও জেলা যুবলীগের কর্মী। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুইজনকে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
 
আটককৃতরা হলেন- কানাইখালী এলাকার ফজেল আলীর ছেলে ইদুল হোসেন ও সদর উপজেলার ছাতনী দিয়ার গ্রামের হামিদুল সরকারের ছেলে জামিল হোসেন।
 
নাটোর সদর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে রিপন কানাইখালী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে এঘটনার সাথে জড়িত সন্দেহে ওই এলাকা থেকে দুইজনকে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
 
বুধবার আছরের নামাজের পর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে নিহতের জানাযার নামাজ সম্পন্ন হলেও বিকেল পর্যন্ত এই ঘটনায় কোন মামলা দায়ের হয়নি।
 
ইত্তেফাক/আরকেজি