প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের জনসভা সফল করতে পীরগঞ্জ উপজেলায় প্রচার-প্রচারণা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। শহর বন্দর গ্রামের রাস্তা-ঘাট, হাট-বাজার সর্বত্রই তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেঁয়ে গেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে মাইকযোগে প্রচারণা। সর্বত্রই যেন সাজ সাজ রব। সবার মুখে একই ডাক ‘চলো চলো ঠাকুরগাঁও চলো, প্রধানমন্ত্রীর জনসভা সফল কর’।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পীরগঞ্জ-রানীশংকৈল এলাকার সাবেক এমপি ইমদাদুল হক জানান, আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে খ্যাত পীরগঞ্জ। ১৯৭৩, ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়। কিন্তু জোট-মহাজোটের রাজনীতির কারণে নৌকার দুর্গ পীরগঞ্জ চলে যায় জোট-মহাজোটের শরিকদের হাতে। ফলে উন্নয়নের ধারায় পিছিয়ে পড়ে পীরগঞ্জ।
তাই আগামী সংসদ নির্বাচনে এ আসনে নৌকা প্রতীকের দাবি তুলে ধরতেই প্রধানমন্ত্রীর জনসভায় এ উপজেলা থেকে প্রায় এক লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড পৃথক পৃথক প্রতিনিধি সভা করে তৃণমূলের নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ মানুষকে জনসভায় যোগদানের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। উপজেলার মানুষের জনসভায় যাতায়াতের জন্য প্রায় দুইশত বাস ও ট্রাক, শতাধিক মাইক্রোবাস ছাড়াও ৫/৬ হাজার মোটরসাইকেলের ব্যবস্থা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
