ফতুল্লায় নিজ ঘরে এক গৃহবধু খুন হয়েছেন। নিহতের নাম রিমা আক্তার (২৩)। হত্যার পর হত্যাকারী বাইরে থেকে ঘর তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে বুধবার বিকালে ফতুল্লা থানা পুলিশ কোতালেরবাগ বৌবাজার এলাকা রিমা আক্তারের লাশ উদ্ধার করে। রিমার স্বামী আল আমিন পলাতক রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা শ্বাসরোধ করে রিমাকে হত্যা করা হয়েছে।
রিমার গ্রামের বাড়ি পাবনায়। তার দেড় বছর বয়সী নাহিদ নামে এক সন্তান রয়েছে।
ফতুল্লা মডেল থানার এস. আই. অটল দাস জানান, উৎকট গন্ধ পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ধরের তালা ভেঙে খাটের ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে লাশটি ২দিন আগের। লাশের দুই হাতে ধারালো ছুরি দিয়ে পোঁচ দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে স্থানীয়রা জানান, নিহত রীমার স্বামী আল আমিন একজন মাদক ব্যবসায়ী। পারিবারিক নানা বিষয় নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।
ইত্তেফাক/নূহু
