সাদুল্লাপুরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১১:২৭
গাইবান্ধার সাদুল্লাপুরে মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি মোছা. খায়রুনেছা (৫৮) নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলা দামোদরপুর ইউনিয়নের মরুয়াদহ গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত মোছা. খায়রুনেছ ওই গ্রামের আব্দুস সামাদ বেপারীর স্ত্রী। অভিযুক্ত জামাই সাইফুল ইসলাম (৪৫) গাইবান্ধা সদর উপজেলার কুপতালা বাঁধের মাথা এলাকার মৃত. আব্দুল জলিল বেপারীর ছেলে।
 
সাদুল্লাপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, প্রায় ১৪/১৫ বছর আগে খায়রুনেছার মেয়ে শাহানা আকতার শেলির সাথে সাইফুল ইসলামের বিয়ে হয়। তাদের ১২ বছরের একটি মেয়ে ও ৮ বছরের একটি ছেলে সন্তানও আছে। কিন্তু স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে গত তিন মাস আগে শাহানা আকতার তার স্বামীকে তালাক দেয়। এরপর তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ নেন। তারপর থেকে সাইফুল প্রায় মোবাইল ফোন করে শাশুড়ি ও শ্যালকদের হুমকি দেয়।
 
ওসি আরো জানান, ঘটনার দিন রাতে খায়রুনেছা বাড়ির অদূরে মরুয়াদহ খুশি মিয়ার রাইচ মিল এলাকায় তার ছেলে রওশন আলমের গালামালের দোকান থেকে বাড়ি ফিরতেছিলেন। পথিমধ্যে মেয়ে জামাই মোবাইল ফোনে তাকে বাড়ির অদূরে মসজিদের সামনে গাব গাছের নীচে কথা বলার জন্য ডাকে। ওখানে যাওয়ার পর তার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে শাশুড়ির পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায় জামাই। চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
 
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবাসিক চিকিৎসক ডা. হারুন অর রশিদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি পথেই মারা গেছেন।
 
ওসি বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এসএস