খোকসায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১৪:৫৭
কুষ্টিয়ার খোকসায় দাম্পত্য কলহের জের ধরে কোদাল দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটেছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের চরপাড়া গ্রামের শারমিন আক্তার (৩০) ৬ বছর আগে ঢাকায় গার্মেন্টস এ কাজ করার সময় সুনামগঞ্জ জেলার কান্দিরগঞ্জ গ্রামের মশক মিয়ার ছেলে দেলোয়ার হোসেন ওরফে আপনের সাথে বিয়ে হয়। বিয়ের পর স্বামীসহ বাবার বাড়িতে চলে আসেন শারমিন। এরপর থেকে মাঝে-মাঝেই তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হতো বলে স্থানীয়রা জানায়। গতকাল বুধবার ভ্যান বিক্রি করে ঋণের টাকা পরিশোধ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হলে রাতে কোন এক সময়ে স্ত্রীকে মুখ বেধে ঘর থেকে বের করে রান্না ঘরের পেছনে কোদাল দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দেলোয়ার পালিয়ে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেছে।
 
আজ ভোরে নিহতের পরিবারের লোকেরা থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থাকায় মামলার প্রস্তুতি চলছিল।
 
উল্লেখ্য যে, ৯ বছর আগে শারমিন আক্তার এর প্রথম বিবাহ হয়। পারিবারিক কলহের কারণে তার প্রথম স্বামী বিষপানে আত্মহত্যা করে। প্রথম স্বামীর ঘরে ঝর্ণা নামে ৮ বছরের একটি কন্যা সন্তান আছে।
 
ইত্তেফাক/এসএস