দেওয়ানগঞ্জে গৃহবধূ খুন

আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১৫:৫৯
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের চরখারচর গ্রামে হালিমা বেগম (৩২) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটেছে।
 
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, হাতিভাঙ্গা ইউনিয়নের চরখারচর গ্রামের কাঠমিস্ত্রি আব্দুস সালাম ও তার স্ত্রী হালিমা বেগমের সাথে কয়েক মাস ধরে পারিবারিক কলহ চলে আসছিল। নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্র তাদের ছেলে মো. সুমন রাতে বাড়িতে ছিল না। মো. সুমন বৃহস্পতিবার সকালে বাড়ি এসে দেখতে পায় জবাই করা অবস্থায় তার মা বিছানায় পড়ে রয়েছে। এ অবস্থায় দেখে সুমন চিৎকার শুরু করে। এ সময় প্রতিবেশী স্বজনরা ছুটে এসে এ অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠিয়েছে।
 
পুলিশ এ হত্যাকাণ্ডের ব্যাপারে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি। তবে গৃহবধূর ছেলে মো. সুমনকে জিজ্ঞাসাবাদ করে পারিবারিক কলহের জের ধরেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশ মনে করছে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী কাঠমিস্ত্রি আব্দুস সালাম পলাতক রয়েছেন।
 
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানার ওসি এ কে এম আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বামী আব্দুস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয় জানা যাবে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/এসএস