অফিস চলাকালীন কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কোন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত না থাকায় তালা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম মেহেদী হাসান। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তাসহ ৭জন সহকারী শিক্ষা অফিসার ও ৩জন অফিস সহকারী রয়েছেন। বৃহস্পতিবার অফিস চলাকালীন প্রাথমিক শিক্ষা অফিসে কোন কর্মকর্তা কর্মচারীকে অফিসে না পেয়ে ইউএনও এসএম মেহেদী হাসান তালা লাগিয়ে দেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে গিয়ে দেখা যায় কয়েকজন শিক্ষক দাঁড়িয়ে আছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, ইউএনও স্যার অফিসে তালা লাগানোর পর এক ঘণ্টা পেড়িয়ে গেলেও কোন কর্মকতা কর্মচারী অফিসে আসেন নি। তারা আরো বলেন, সরকারি নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিসে থাকার কথা থাকলে কর্মকর্তারা বেলা ১১টায় পর অফিসে আসেন আবার বিকাল ৪টার আগেই চলে যান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ তাই আজকে ছুটিতে আছি। আপনি ছুটিতে কিন্তু বাকিরা অফিসে নেই কেন প্রশ্ন করলে তিনি বলেন, অফিসে বস না থাকলে যা হয়।
ইউএনও এসএম মেহেদী হাসান বলেন, আমি দুপুরে খাবারের জন্য বাসায় যাওয়ার আগে দেখি অফিসে কেউ নেই। অফিসে কাউকে না পেয়ে অফিসে তালা লাগানোর নির্দেশ দিয়েছি।
ইত্তেফাক/আরকেজি
