নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা গ্রামে পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে দুপুরে এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার মো. জসিম উদ্দিন পিপিএম এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার (২৬ মার্চ) ভোর রাতে পুলিশের কাছ থেকে ছিনতাই হওয়া ৪ আসামিকে জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তারা হলো- লোহাগড়া থানার আমাদা গ্রামের সোহেল মল্লিক (২৩), রাঙ্গু খান (২৭), নাইস খানকে (২৫) ও কামালপ্রতাপ গ্রামের সোহেল মল্লিক (২০)। এ ঘটনায় কর্তব্যে অবহেলার কারণে লোহাগড়া থানার ওসি মো. শফিকুল ইসলামকে কারণ দর্শাতে নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার (২৬ মার্চ) ভোর রাতে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের আমাদা গ্রামে আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালায়। এসময় তাদের গ্রেফতারের পর আমাদা পশ্চিমপাড়া জামে মসজিদের মাইক থেকে গ্রামে ডাকাত পড়েছে বলে ঘোষণা করে আসামিপক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পরে তাদের ছিনিয়ে নিয়ে যায়। গ্রামবাসীর হামলায় লোহাগড়া থানার এসআই গোবিন্দ আকর্ষণ, এএসআই আনিসুজ্জামান, কাজী বাবুল ও বাবুল হাসান আহত হন।
এ ঘটনায় সোমবার বিকালে লোহাগড়া থানার এসআই গোবিন্দ আকর্ষণ বাদী হয়ে ২১জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০/৪০জনকে আাসামি করে মামলা করেন।
উল্লেখ্য, লোহাগড়া উপজেলার আমাদা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রায় আট মাস ধরে আবুল কাশেম খান সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের আলী আহম্মেদ খান সমর্থিত লোকজনদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত ও সংহিসতা চলে আসছে।
ইত্তেফাক/আরকেজি
