রাজধানীর দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায় বৃহস্পতিবার দিন দুপুরে মোতালেব মিয়ার ফ্লাটে ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ি ভাড়া নেয়ার কথা বলে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল বাড়ির দ্বিতীয় তলা ফ্ল্যাটে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্বি করে তাদের হা-পা বেঁধে এক রুমে আটকে রেখে ডাকাতি করে মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করে।
ডাকাতির খবর পেয়ে ডাকাতদের ধরতে যায় রহমত ও এদদাদ নামে দুই যুবক। তখন ডাকাত দলের সদস্যরা পালানো জন্য তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তারা গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে এলাকাবাসি ধাওয়া করে ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গণপিটুনির শিকার ডাকাত দলের সদস্যদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ৩টি ধারালো চাপাতি উদ্বার করেছে। ওই বাড়ি থেকে টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র ডাকাত দলের অপর সদস্যরা নিয়ে পালিয়ে গেছে। তবে কি পরিমাণ ডাকাতি হয়েছে-তা গতকাল রাত পর্যন্ত পুলিশ নিশ্চিত কোন তথ্য দিতে পারেনি।
দক্ষিণখান থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণখান থানার মোল্লারটেক গ্রামের মোতালেব মিয়ার দ্বিতীয় তলার ফ্লাট বাড়িতে বাড়ি ভাড়ার কথা বলে ৮ থেকে ১০ জনের অস্ত্রধারী একদল ডাকাত প্রবেশ করে ডাকাতি করে। এ সময় এলাকাবাসীর সহায়তায় ডাকাত দলের ৪ সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল,গুলি ও ৩টি ধারালো চাপাতি উদ্বার করা হয়েছে। ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় ও ডিএমপি উত্তরা বিভাগের উপ-কমিশনার নাবিদ কামাল শৈবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/ইউবি
