ভুয়া মুক্তিযোদ্ধা সনদ: পুলিশে চাকরি নেয়ার চেষ্টার অপরাধে ৪ যুবক আটক

আপডেট : ২৯ মার্চ ২০১৮, ২২:৫২
ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দাখিল করে পুলিশ কনস্টেবল পদে চাকরি নেয়ার চেষ্টার অভিযোগে সিরাজগঞ্জে ৪ যুবককে আটক করা হয়েছে।
 
এরা হলো- সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ধলডোব গ্রামের ইউনুস আলীর ছেলে আব্দুল খালেক (১৯), একই ইউনিয়নের খোড়ারগাঁতী এলাকার মোতালেব হোসেনের ছেলে ওবায়দুল হক (২৪) ও হযরত আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৩) ও কামারখন্দ উপজেলার চালা গ্রামের সনোয়ার হোসেনের ছেলে মুনসুর আলী (১৯)। আটক হওয়া চার যুবককে প্রতারণার মামলায় জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
 
বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে নেয়া হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। দায়ের করা হয় প্রতারণার মামলা।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, আটকরা জাল মুক্তিযোদ্ধা সনদ দাখিল করে চাকরির আবেদন করেন। মুক্তিযোদ্ধা কোটায় প্রাথমিকভাবে তাদের চাকরি হয়। এরপর চুড়ান্ত পুলিশি তদন্তে তাদের জাল সনদের বিষয়টি ধরা পড়ে।
 
পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) বলেন, ৬ মার্চ পুলিশ লাইনে বিভিন্ন কোটা ও নারী-পুরুষ মিলে ২০৭জনকে পুলিশ কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগ দেয়া হয়। পুলিশি তদন্তে জাল সনদের কারণে ৪জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও বিবাহিত হওয়ায় আরও কয়েকজনকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি