মোহনগঞ্জে শিয়ালজানি খাল পরিদর্শন করেন মোস্তাফা জব্বার

আপডেট : ২৯ মার্চ ২০১৮, ২৩:১৮

নেত্রকোনার মোহনগঞ্জের শিয়ালজানি খালের কাজ পরিদর্শন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় মন্ত্রী মোস্তাফা জব্বার। ঐতিহ্যবাহী এই খালটি দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধন কাজ শুরু হয়েছিল ২০১৭ সালে। বর্তমানে কাজটি সমাপ্তির পথে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান জানান, শিয়ালজানি খালটির ওপর ব্লক বসানো ও একটি রেগুলেটর নির্মানে মোট বরাদ্ধ দেয়া হয় ১৫ কোটি ২৮ লাখ টাকা।

মোস্তাফা জব্বার প্রয়াত প্রাক্তন খাদ্যমন্ত্রী আবদুল মমিন ও প্রাক্তন গণপরিষদ সদস্য ডা: আখলাকুল হোসাইন আহমেদের কবর জিয়ারত করেন। মন্ত্রী আদর্শ নগরে শহীদ স্মৃতি মহাবিদ্যালয় পরিদর্শন করেন। মহাবিদ্যালয়ের পরিবেশ, শহীদ মিনারসহ সব কিছু দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শেখ রাসেল ডিজিটাল ল্যাবে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। মহাবিদ্যালয়সহ এলাকার ইন্টারনেট সংযোগের প্রতিশ্রুতি দেন। সকল শিক্ষার্থীর হাতে ল্যাপটপ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান। মন্ত্রী স্মৃতি স্মারক হিসেবে নব নির্মিত শহীদ মিনারের পাশে একটি ক্রিসমাস ট্রি রোপন করেন।

কলেজের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মাহমুদ আকন্দ, কৃষি কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, কলেজের অধ্যক্ষ জীবন কৃষ্ণ সরকারসহ অন্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু