গৌরনদীতে যুবদল নেতার ওপর ছাত্রলীগ কর্মীদের হামলা

আপডেট : ২৯ মার্চ ২০১৮, ২৩:২৬

গৌরনদীতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা যুবদলের সভাপতি শরীফ শফিকুর রহমান স্বপনের ওপর হামলা চালিয়েছে কতিপয় ছাত্রলীগ নেতা-কর্মী। এ সময় স্বপনের আর্তচিৎকারে তার বোন নাজমা বেগম এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় স্বপন শরীফকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে কয়েক বছর যাবৎ গৌরনদী বাসস্ট্যান্ডে বরিশাল-কাঁঠালবাড়ী রুটের বিএমএফ পরিবহনের কাউন্টার পরিচালনা করে আসছেন উপজেলা যুবদলের সভাপতি শরীফ শফিকুর রহমান স্বপন। কাউন্টার স্টাফ ও আহত স্বপনের ভাতিজা হাসানাত শরীফ অভিযোগ করেন, গত ২৫ দিন ধরে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফ মিয়া ও তার ভাই ছাত্রলীগ নেতা আতিক মিয়া, জিহাদ মিয়াসহ তার সহযোগীরা প্রতিদিন কাউন্টারের ক্যাশ থেকে জোর পূর্বক টাকা আদায় করতো। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটার দিকে কাউন্টারের মালিক শরীফ শফিকুর রহমান স্বপন গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ কাউন্টারে আসেন।

এ সময় ছাত্রলীগ নেতা আরিফ মিয়া ও তার ভাই আতিক মিয়া, জিহাদ মিয়াসহ তাদের ৫ থেকে ৬ জন সহযোগীরা কাউন্টারে প্রবেশ করে ক্যাশ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় স্বপন বাঁধা দিলে তার ওপর হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে এবং সামনের দুটি দাঁত ভেঙে দেয়।

স্থানীয়রা আহত স্বপনকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় স্বপনের বোন নাজমা বেগম বাদি হয়ে তিনজনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা আতিক মিয়া বলেন, কাউন্টারের মালিকানা আমার এবং আমি ভোগ দখল করে আসছি। হামলার ঘটনার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই।

ইত্তেফাক/নূহু