নড়াইলে ইটভাটার মালিককে গুলি করে হত্যা চেষ্টা

আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১১:২৩
নড়াইলের পল্লীতে খান ব্রিকস-এর মালিক খান কামরুজ্জামান কোমরকে (৫০) গুলি করে হত্যার চেষ্টা চালানো হয়েছে। গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লোহাগড়া থানার লাহুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে।
 
আহতের স্ত্রী সালমা বেগম বলেন, গতকাল রাত ১১টার পর মোবাইলে আমার স্বামীকে অনেক রাত হয়ে যাওয়ায় দ্রুত বাড়িতে আসতে বলি। তখন তিনি জানান যে, তার সাথে একই গ্রামের এমজেবি ইটভাটার মালিক মিল্টন জমাদ্দারের সাথে ঝামেলা হচ্ছে। এই কথা বলে ফোন কেটে দেয়। রাত সাড়ে ১১টার কিছুক্ষণ পর বাসার সামনে এসে আমাকে ডাকতে থাকে এবং বলতে থাকে যে, আমাকে গুলি করেছে। তখন দ্রুত গিয়ে মোটর সাইকেল থেকে নামিয়ে আশেপাশের লোকজনকে ডাকাডাকি করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসি। খান কামরুজ্জামানের পিঠের ডানপাশে গুলি লেগেছে।
 
লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দাউদ হোসেন বলেন, খান কামরুজ্জামান কোমর একজন ইটভাটার মালিক। তার সাথে একই গ্রামের মিল্টন জমাদ্দারের ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে। এছাড়া বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়ে কোমর সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান রুনুর পক্ষ ত্যাগ করে আমার পক্ষে কাজ করেন। সেই নির্বাচনের রেশ ধরেও গুলি করে হত্যার চেষ্টা চালানো হতে পারে।
 
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এসএস