ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভোর ৫টার দিকের এই ঘটনায় পাঁচটি দোকান ঘর ও মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, চরভদ্রাসন বাজার জামে মসজিদ থেকে ফজরের নামাজ শেষে হাইস্কুল রোড দিয়ে বাড়ি ফেরার পথে একটি সেলুনের মাঝে প্রথমে আগুন দেখতে পান তারা। সাথে সাথে অগ্নিকাণ্ডের খবর বাজার মসজিদের মাইকের মাধ্যমে প্রচার করা হলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে থাকে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে পুড়ে যায় একটি সেলুন, একটি ঔষধের দোকান, একটি ইলেকট্রিক দোকান ও বড় দুটি মুদি মনোহারী সহ মোট পাঁচটি দোকান।
তবে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়াতে পারেনি। ক্ষতিগ্রস্তরা হলেন- বিঞ্চু চন্দ্র শীল, আবুল মুন্সি, মো. কামাল শিকদার, আ. রশিদ মোল্যা ও মো. নাসিরউদ্দীন। ক্ষতিগ্রস্তদের বর্ণনা থেকে জানা যায়, দোকান ঘর ও মালামাল সহ প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে তাদের। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত হয়েছে বলে বাজার ব্যবসায়ীরা ধারণা করছেন।
খবর পেয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার ও চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রাসাদ ভক্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসএস
