বগুড়ার ধুনট উপজেলায় অতিরিক্ত ইট বোঝাই ট্রলির চাপায় রায়হান আলী সেখ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত রায়হান আলী উপজেলার আমদানিপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে এবং খাটিয়ামারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।
একই দুর্ঘটনায় নিহতের বড় ভাই রাজু আহম্মেদ (২০) আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মথুরাপুর-খাটিয়ামারি সড়কের কাশিয়াহাটা সেতুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হতদরিদ্র রাজু আহম্মেদ কাশিয়াহাটা গ্রামের আব্দুল আলিমের মালিকানাধীন জননী ব্রিক্স নামে ইটভাটায় ট্রলি দিয়ে ইট পরিবহনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। বড় ভাই রাজু আহম্মেদকে ইট পরিবহনে সহযোগিতা করে স্কুলছাত্র রায়হান। আজ সকালের দিকে জননী ব্রিক্স থেকে অতিরিক্ত ইট বোঝাই ট্রলি নিয়ে মথুরাপুর বাজারের দিকে রওনা হয় দুই ভাই। পথিমধ্যে কাশিয়াহাটা সেতুর উপর উঠতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলির উপর বসে থাকা রায়হান নীচে পড়ে যায়। এসময় ট্রলির চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র রায়হান ঘটনাস্থলেই মারা গেছে। আহত রাজু আহম্মেদকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।
ইত্তেফাক/এসএস
