ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১৩:২০
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন কর্নেল বাজার থেকে ৪ হাজার ৮শ' ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যরা। আটককৃত ব্যক্তি উপজেলার সিমনগর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মো. ইলু মিয়া (৫০)।
 
র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুলাইশিমুল বাজার থেকে মাদকের একটা বড় চালান নিয়ে ঢাকা যাচ্ছে জানতে পারে  ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা। পরে কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ও স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে শুক্রবার ভোররাতে কর্নেল বাজারের তুলাইশিমুল গ্রামের টেলিকম অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর এর সামনে অভিযান পরিচালনা করে ইলুকে আটক করে। পরে তার দেহে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪ হাজার ৮শ' ২০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বড়ির আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ২৮ হাজার টাকা।
 
র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/এসএস