মাগুরা সদর উপজেলার ছোনপুর গ্রামে ফখরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরের দিকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ফখরুল একজন ডাকাত। দুই দল ডাকাতের মধ্যে বন্দুক যুদ্ধের সময় তিনি নিহত হয়েছেন। নিহত ফকরুল মাগুরা সদর উপজেলার জগদল গ্রামের নুরুল শেখের ছেলে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, রাত ২টার দিকে সদর উপজেলার ছোনপুর গ্রামের একটি 'মাধের' মধ্যে দুপক্ষের গোলাগুলির শব্দ শুনে সদর থানা পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফখরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃতদেহ সহ ৪ রাউন্ড শর্ট গানের গুলি ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ফখরুল একজন চিহ্নিত ডাকাত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে সেখানে ডাকাতি করতে এসে দু'দল ডাকাতের মধ্যে গোলাগুলির সময় ওই ডাকাত নিহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসএস
